Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমার নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা নিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৭

ঢাকা: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ভাঙিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যারা দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে স্বপদে পুনর্বহালের পেছনে তার ইন্ধন রয়েছে মর্মে গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে, সেটিরও প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী বা কতিপয় দুর্বৃত্ত আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ভয়-ভীতি দেখিয়ে আসছে।’

বিজ্ঞাপন

ইশরাক বলেন, ‘এমনকি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে পুনরায় স্বপদে বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের অপকর্মে আমার ন্যূনতম সম্পৃক্ততা নেই। আমার নাম ভাঙিয়ে একটি চক্র এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আমি তাদের চিনি না।

‘পাশাপাশি, দখলদারিত্ব, টেন্ডারবাজিসহ যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিএনপির নাম পরিচয় দিয়ে কোনো নেতা-কর্মীর এসব কর্মকাণ্ড জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি’- বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সারাবাংলা/এজেড/পিটিএম