Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদলপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাইয়ের বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের পাশে ছোট একটি জলমহাল দখল নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে দুই পক্ষের লোকজন একসঙ্গে জলমহালটি দখল করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে সংঘর্ষ চলাকালীন দুইপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের দিরাই ও সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জলমহাল দখল নিয়ে দিরাইয়ের বদলপুর গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় কেউ নিহত হয়নি তবে অর্ধশতাধিক আহত হয়েছেন।

সারাবাংলা/এনইউ