Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সবাইকে চমকে দিয়েই ঘোষণাটা দিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই বিদায় বলতে চান, এমনটাই জানিয়েছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত দেশে আসতে পারবেন কিনা, সে নিয়েই চলছে নানা গুঞ্জন। এসবের মাঝেই বর্তমান সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনিও চান সাকিব দেশের মাটিতে খেলেই বিদায় বলুক।

দেশে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা তুলে ধরেই সাকিব বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে মিরপুরেই শেষ টেস্ট খেলতে চান তিনি। তবে নিরাপত্তা না পেলে দেশে না ফেরার আভাসও দিয়েছেন তিনি। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে দেশের বাইরে থেকেই দলের সাথে যোগ দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজের পর দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব।

বিজ্ঞাপন

আরব আমিরাতে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পর আসিফ বলছেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে বধ্য পরিকর তারা, ‘আমাদের একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা দেব। কোন অভিযোগ থাকলে সেটা তো ভিন্ন বিষয়। সে বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট করেছে। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব।’

আসিফ চান, দেশের মাটিতেই অবসর নিক সাকিব, ‘আমিও চাই সাকিব দেশের মাটিতে খেলে বিদায় বলুক। একজন খেলোয়াড় যার দেশের হয়ে এত অর্জন আছে, তিনি বাংলাদেশেই তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চাচ্ছেন। তিনি সেই বিদায়টা পাক এটা আমাদের আশা থাকবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো