Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তামিম ঝড়ে বরিশালের দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে ব্যাটিং করে ১৬৮ রান তুলেছিল দুর্বার রাজশাহী। সিলেটের পিচ যেমন ব্যাটিং সহায়ক আচরণ করছিল এবং ফরচুন বরিশালের ব্যাটিং লাইনআপ যেমন শক্ত তাতে মনে হচ্ছিল না ম্যাচ জিততে কষ্ট হবে বরিশালের, হলোও তাই। আর দারুণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।

অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তামিম। যাতে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল। একাদশ বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা বরিশালের এটা দ্বিতীয় জয়।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর ১৬৮ রানের জবাব দিতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। নাজমুল হোসেন শান্তকে বসিয়ে একাদশে জায়গা দেওয়া ওপেনার প্রিতম হাসান ব্যর্থ হয়েছেন। ৯ বলে ৩ রান করে ফেরা প্রিতম সুযোগ পাওয়াটা কাজে লাগাতে পারেননি।

বিজ্ঞাপন

তবে তামিম ইকবাল ছিলেন অবিচল। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্সের সঙ্গে ১৫ বলে ৪১ রানের জুটি গড়েন তামিম। মায়ার্স ১১ বলে ২৪ করে ফিরলে এই জুটি ভাঙে।

এরপর তাওহিদ হৃদয় চারে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি। বড় রানের জন্য সংগ্রাম করতে থাকা হৃদয় আজ ১৪ বলে করেছেন ১৩ রান। তবে মুশফিকুর রহিমকে নিয়ে দুর্দান্ত একটা জুটি গড়ে বরিশালের বড় জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন তামিম।

চতুর্থ উইকেটে দুজন ৪৫ বলে তুলেছেন অপরাজিত ৭৬ রান। মুশফিক ২৪ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন। তামিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৬ রানে। ১১ চার ৩ ছয়ে এই রান করেন তামিম। মাঠ ছাড়তে ছাড়তে হয়ত একটা আপসোসও কাজ করছিল তামিমের মনে! আর কিছু রান থাকলে হয়ত সেঞ্চুরির একটা সুযোগ পেতেন!

১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৯ রান তুলে ফেলে বরিশাল। রাজশাহীর হয়ে মহর শেখ ৩২ রানে ২ উইকেট নিয়েছেন।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে বরিশালের বোলাররা অবশ্য সুবিধা করতে পারেননি। রাজশাহীকে ভালো শুরু এনে দিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। ১৬ বলে ২২ রান করে হারিস ফিরলে দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ান তরুণ জিসান আলম ও এনামুল হক বিজয়।

দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৫৫ রান তোলেন দুজন। জিসান আলম ২৭ বলে ৩টি করে চার-ছয়ে ৩৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে। রাজশাহীর গতিও যেন সেখানে ভেঙে গেল! এরপর এনামুল হক বিজয় হঠাৎ-ই স্লো হয়ে গেলেন। মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি অবশ্য কিছুটা টেনেছেন রাজশাহীকে। তবে এনামুল হক বিজয় বারবার বল মিস করার কারণে বড় স্কোর হয়নি রাজশাহীর।

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমেছে রাজশাহী। এনামুল হক বিজয় শেষ পর্যন্ত ৩৫ বলে ৩৯ রানে আউট হয়েছেন। ইয়াসির আলি রাব্বি ২৩ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৭ রান করেছেন। বরিশালের হয়ে আজ দারুণ বোলিং করেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শাহিন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো