Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমস্যা কাটিয়ে উঠার চেষ্টায় পুলিশ, আচরণ পরিবর্তনে সময় প্রয়োজন: ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলী বলেছেন, ‘গত ৫ আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙ্গে পড়ার কারণে তাৎক্ষণিক কিছু সমস্যা হয়েছে। এ সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছি।’

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ সব মন্তব্য করেন।

মো. সাজ্জাদ আলী বলেন, ‘পুলিশবিহীন একটি সমাজ কেমন হতে পারে তা ৫ আগস্টের পর আমরা দেখেছি। চুরি, ছিনতাই ও ডাকাতি ছেয়ে গিয়েছিল সারা দেশে। তবে গত পাঁচ মাসে এ সব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে পুলিশ সদস্যরা যেমন আচরণ করেছে, সে আচরণ থেকে আমরা বেড়িয়ে আসতে চাই। সে জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আমার সকল কর্মকর্তার বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। ৪০ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন সম্ভব না। তাই আমরা প্রশিক্ষণ শুরু করছি। কোথায় কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে, সে বিষয় আমরা দৃষ্টি রাখছি। এর প্রমাণ ইতোমধ্যে আপনারা পাবেন। ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার বলেন, ঢাকায় দুই থেকে আড়াই কোটি লোকের বসবাস। তাদের মধ্যে দরিদ্র, নিম্নবিত্ত ও বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যা রয়েছে, যা পুলিশের ঘাড়ে এসে পড়ে।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাজপথ বেছে নিচ্ছে। তারা মনে করে যে, রাজপথ দখলে নিলেই দাবি আদায় হবে। এর ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে যায়। ঢাকায় উত্তর-দক্ষিণের রাস্তা খুবই কম। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সব কিছু থেমে যায়। আপনারা দাবি আদায়ের বিষয়ে খোলামাঠ, অডিটোরিয়াম বেছে নিন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যার সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও ভঙ্গুর করবেন না।

তিনি আরও বলেন, সম্প্রতি যে অপরাধটি মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হলো ছিনতাই। এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশ অল্পবয়সী মাদকাসক্ত ছেলেরা। ২০ থেকে ২২ বছরের ছেলেরা মাদকের টাকা জোগাড় করতে নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। এই ছিনতাইয়ের অধিকাংশ হয় বাস ও প্রাইভেটকারে কথা বলার সময়ে। ছিনতাইকারী থেকে বাঁচতে মোবাইল ও ব্যাগ নিজের নিরাপত্তায় রাখুন। আপনি সতর্ক থাকলেই আমাদের সহযোগিতা করা হবে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনে রাতে টহল বাড়ানোর পাশাপাশি ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি