Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’

স্পেশাল করেসপডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, আমাদেরকে আরও কঠিন পথ পারি দিতে হবে। আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আরও সংগ্রাম এবং প্রয়োজনে যুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে পশ্চিম দোলাইপাড় স্বাধীনতা সড়কে আয়োজিত ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে “কথা শুনতে চাই” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি চিরতরে কবর রচিত হবে। বিমোচন হবে ধনী-গরীবের বৈষম্য। আর গণতন্ত্রকে কেউ কুক্ষিগত করে রাখতে পারবে না। ৩১ দফার আলোকে বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংস্কারে গঠিত কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রকাশ করা শুরু করেছে। আমরা আবারও বলছি, সংস্কার কোনো নতুন ইমারত নির্মাণের মত শিল্পকর্ম নয় যে নকশা অনুযায়ী তৈরি করলেই কাজ শেষ। এটা একটা চলমান বহুমাত্রিক প্রক্রিয়া; যেখানে জনমত, সময়ের চাহিদা, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক বাস্তবতা, ভূ-রাজনৈতিক সমীকরণ, বাস্তবায়ন সক্ষমতা, আইনি প্রক্রিয়া ইত্যাদি বিষয় জড়িত থাকে। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনে সন্দেহের উদ্রেক হবে। জনগণ কতটা সংস্কার চায় সেটা জানার একমাত্র উপায় হল নির্বাচন। জনরায় ব্যতিত কয়েকজন ব্যক্তি মিলে প্রকৃত সংস্কারের স্বরূপ ঠিক করা সম্ভব নয়।’

সাইফুল ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। অনেক ঘাটতি রয়ে গেছে।’

শ্যামপুর থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসির আহমেদ মোল্লা, সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৪৭ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানার বিএনপি নেতা সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, ৫১ নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিকুল ইসলাম বাবু, সমাজ সেবক ডা. মাশুকুর রহমান, সাইদুল ইসলাম, আকরাম হোসেন জামিল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই