Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার যোগসাজশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী

স্পেশাল করেসপডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শেখ হাসিনার যোগসাজশে বাংলাদেশ সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায়, সেটা না করে ভারত জোর করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। শেখ হাসিনার যোগসাজশে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আমাদের ৪ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটারের বেশি জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ বা ৮৫৭ কিলোমিটার বাকি আছে। আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি এমনকী যে আলাপ-আলোচনা হয়েছে, সেটাও মানছে না তারা। শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে যে আলাপ-আলোচনা করতে হবে, সেটা না মেনে লালমনিরহাটসহ বিভিন্ন জায়াগায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারত।’’

রিজভী বলেন, ‘‘এর বিরুদ্ধে যে জনগণ দাঁড়াতে পারে, বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সাথে প্রতিরোধ গড়ে তুলতে পারে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা দেখাতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, নির্দয়তা দিয়ে, নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন।”

‘‘তিনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন যে, আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে, আপনাকে তো সবার আগে কেনা যায়। ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন’’— বলেন রুহুল কবির রিজভী।

জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস