Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং পরে সদর উপজেলার চৌফলদন্ডীতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় চৌফলদন্ডীতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা শুনতে চান উপদেষ্টা। চাষিরা বর্তমানের লবণের নায্যমূল্য না পাওয়া, দালাল চক্রের দৌরাত্ম্য, চাষের জন্য খাস জমি বন্দোবস্তি না পাওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘লবণ উৎপাদন ও গুনগতমান বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চৌফলদন্ডীতে লবণ নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এছাড়াও চাষিরা যেন লবণের ন্যায্যমূল্য পান সেই লক্ষ্যে নীতিমালার আলোকেই লবণবোর্ড গঠনসহ নানা বিষয়ে সরকার কাজ করছে।’

এসময় শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও বিসিকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জাফর ইকবালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, চৌফলদন্ডীতে ৩০ একর জায়গায় লবণ গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি টাকা। প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে আছে। এছাড়াও লবণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চৌফলদন্ডীতে ভারত, চীন ও জাপানের চাষ প্রযুক্তি ব্যবহার করে লবণ উৎপাদনের একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়।

সারাবাংলা/এসআর