Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পার্বত্য অঞ্চলের ১৪টি জুম্ম জাতি নিশ্চিহ্নের পথে: সন্তু লারমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: পার্বত্য অঞ্চলের ১৩টি ভাষাভাষীর ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জুম্ম জাতি আজ নিশ্চিহ্ন হওয়ার পথে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতি আলোকে নাগরিক সমাজের ভূমিকা’ প্রসঙ্গে এ সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখা।

বিজ্ঞাপন

সন্তু লারমা বলেন, ‘পার্বত্য অঞ্চলে নিরাপত্তাহীন ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জুম্ম জনগণ বেঁচে আছে। নানাভাবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য আন্দোলন করছে তারা। সেজন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের বিকল্প নেই।’

সভায় বক্তারা বলেন, বিগত কোনো সরকারই আমাদের নিয়ে ভাবেনি। এই সরকারও ভাবছে না। সংবিধান সংস্কার প্রক্রিয়া চলছে; সেখানেও আমাদের কী পরিচয় হবে, সেটি নির্ধারণ করা হয়নি। পাঠ্যবই থেকে ভুঁইফোড় সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়। এর প্রতিবাদ করায় উল্টো পাহাড়ি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়।

সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কে এস মং, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার প্রতিনিধি অংচ মং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি নমিতা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক লেলুং খুমি, তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠী থেকে অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, গুর্খা জাতিগোষ্ঠী থেকে মনোজ বাহাদুর গুর্খা, সাওঁতাল জাতিগোষ্ঠী থেকে মনু মুরমু সাঁওতাল, অহমিয়া জাতিগোষ্ঠী থেকে অনুপ কুমার আসামসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।

সারাবাংলা/পিটিএম