Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু, পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার। তবে তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু সুপার সিক্স রাউন্ডে শুরু হলো ভারতের বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে। এই হারে এক ম্যাচ হাতে রেখেই  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তরুণীরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬৪ রান তোলে বাংলাদেশ। ছোট সেই লক্ষ্য ৭৭ বল হাতে রেখেই টপকে গেছে ভারত, সাথে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সুপার সিক্সে দুই পয়েন্ট নিয়ে এসেছিল বাংলাদেশ, ছিল টেবিলের চতুর্থ স্থানে। কিন্তু গ্রুপ পর্বে ভালো করায় ভারতের পয়েন্ট ছিল চার, বাংলাদেশকে হারিয়ে সেটা হয়েছে ৬।

বিজ্ঞাপন

সুপার সিক্সে প্রতিটি দল খেলবে দুইটি করে ম্যাচ। বাংলাদেশসহ এই গ্রুপের অন্য কোনো দলের তাই ৬ পয়েন্ট হওয়া সম্ভব নয়। বাকি থাকা এক ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আদৌতে সেটা নিয়মরক্ষার ম্যাচই হতে যাচ্ছে।

আজ ভারতের বিপক্ষে ২২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে অধিনায়ক সুমাইয়া আক্তারের ২১ রানের ইনিংসে যা একটু লড়াইয়ের রসদ পেয়েছে দল। জবাবে গঙ্গাদি তৃষার ৩১ বলে ৪০ রানের ইনিংসে ৮ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় ভারতের।

সারাবাংলা/জেটি