Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেঞ্চুরি করে নাঈম বললেন— আমরা বাংলাদেশিরাও মারতে পারি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠের বাইরে নানান আলোচনা-সমালোচনা, তবে এবার মাঠের বিপিএলটা হচ্ছে জমজমাট। বিশেষ করে পিচে রান হচ্ছে দেদাড়ছে। বিসিবির পক্ষ থেকে ব্যাটিংবন্ধব পিসের কথা বলা হচ্ছিল বিপিএল শুরুর আগ থেকে। তেমনটা দেখাও যাচ্ছে টুর্নামেন্ট জুড়ে। তাতে দেশি ক্রিকেটারদের একটা ‘দায় মোচন’ও হয়ত হচ্ছে।

বাংলাদেশি ব্যাটাররা টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে জানেন না, নিয়মিত বড় হিট খেলতে পারেন না এমন যে অভিযোগগুলো শোনা যেত তার বিপক্ষে বড় একটা প্রমাণ এবারের বিপিএল। ভালো পিচ পেয়ে বাংলাদেশের ব্যাটাররাও দারুণ স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন নিয়মিত। বড় হিটও খেলছেন নিয়মিত।

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। সেঞ্চুরির পর নাঈমও বললেন, আমরা দেশি ব্যাটাররাও বড় বড় শট খেলতে পারি। কিন্তু এতোদিন স্লো পিচ থাকত বলেই পারত না দেশিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ৪৬ রানের বড় ব্যবধানে হারার পথে ম্যাচ সেরা হয়েছেন নাঈম শেখ। খুলনার হয়ে ৬২ বলে ৭টি চার ৮টি ছয়ে ১১১ করে অপরাজিত ছিলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলছিলেন, ‘ভালো উইকেট হলে সবসময় ভালো। দেশিদের নিয়ে প্রশ্ন উঠত আগে, বাউন্ডারি মারতে পারি না, চার-ছয় মারতে পারি না। ভালো ট্র্যাক দিন, অবশ্যই ভালো খেলব। এরকম উইকেট দিলে ব্যাটাররা সবসময় রান করবে। বাইরের দেশে সবসময় দেখি মারছে। সবাই ভাবে আমাদের দেশের প্লেয়াররা পারে না। আসলে এমন না। উইকেট ভালো হলে বাংলাদেশিরাও রেঞ্জ হিটিংয়ে খুবই ভালো।’

বিপিএলের আগে আরেকটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছিল বিসিবি। যেখানে শুধু দেশি ক্রিকেটাররাই খেলেছেন। সেখানে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন নাঈম। আজ সেঞ্চুরি করে বিপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর তার। নিশ্চয় খুশি নাঈম।

তবে টানা ম্যাচের পর ম্যাচ খেলতে হচ্ছে বলে কিছুটা ক্লান্তও। বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সত্যি বলতে আমার জন্য, আমি ফিজিক্যালি একটু ডাউন। ব্যাক টু ব্যাক ফোর ডে ম্যাচ খেলা। আবার ১৪-১৫ দিনে ১২ টি-টোয়েন্টি, অল্প বিরতির পরই বিপিএল। একটু লম্বা বিরতি হলে ভালো। আমি চাই এনসিএল নিয়মিত হোক। বিপিএল ছাড়া আর কোনো টি-২০ প্লাটফর্ম নেই। আমি তাই চাইব এটা যেন নিয়মিত হয়।’

সারাবাংলা/এসএইচএস