Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পেলেও আফসোস নেই শরীফুলের

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩.২-১-৫-৪; কী দুর্দান্ত একটা বোলিং স্পেল! প্রতিপক্ষকে উড়িয়ে দেয়া এই বোলিং স্পেলের মালিক চলতি বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা শরীফুল ইসলামের। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। কিন্তু নিজের সেরাটা তুলে আনতে শরীফুল বোধহয় সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছেন। টুর্নামেন্টের শুরুতে এমন কিছু করতে পারলে নির্বাচকরা হয়তো তাকে রাখতেও পারতেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে।

গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল। যেখানে লিটন দাসের সাথে জায়গা হয়নি শরীফুলেরও। গতকাল ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা শরীফুলের দিকেও তাই প্রশ্ন গেল চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে। অবশ্য ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা না পেলেও কোনো আক্ষেপ নেই এই বাঁহাতি পেসারের। ‘না না। সৃষ্টিকর্তা যখন যা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে পরে কোনো ব্যাপার না। তবে আফসোস নেই। সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছুই লিখে রেখেছেন কপালে ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

বেশ খরুচে বোলিং করলেও শেষদিকে এসে মাঠে নিজের সেরাটা ঢেলে দিচ্ছেন শরীফুল। ১০ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, যার শেষ ৯টিই নিয়েছেন সর্বশেষ ৬ ম্যাচে। এ নিয়ে শরীফুলের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ এখন অনেক খুশি। সৃষ্টিকর্তা যেটা কপালে রেখেছেন, সেটাই হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রয়েছে। প্রথমে খারাপ খেলার পর এখন ভালো খেলায় খুশি।’

সারাবাংলা/জেটি