Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর জেলার বিভিন্ন উপজেলায় ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে গত সাত দিনে ৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুই জন, বেগমগঞ্জ থানা থেকে দুই জন, কোম্পানীগঞ্জ থানা থেকে দুই জন ও হাতিয়া থানা থেকে এক জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- সুধারাম মডেল থানার ছাত্রলীগের সক্রিয় সদস্য নাঈমুল ইসলাম বিকি (৩২), যুবলীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন পিয়াল (৩৮), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান (৫২), কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন (৪৫), পৌরসভা যুবলীগের সদস্য তানভীর হোসেন (৩৯) ও হাতিয়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য রুবেল হোসেন (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। গত সাত দিনে গ্রেফতার ৭২ জনের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইআ