Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধর্ষণের প্রতিবাদে তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ধর্ষণ, খুন, গুম ও ডাকাতির মতো অপরাধের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশে চলমান অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তারা বলেন, “ধর্ষণ, ছিনতাই, লুটপাটের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধের শিকার না হন।”

বিজ্ঞাপন

প্রতিবাদ মিছিলে থাকা সুমাইয়া জাহান নামের এক শিক্ষার্থী বলেন, “আমি ব্যক্তিগতভাবে অনিরাপদ বোধ করছি। আমি ২৪-এর আন্দোলনে ছিলাম, ২৪ পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু এখন তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি।”

আরেক শিক্ষার্থী বলেন, “আমার মা, আমার বোনের নিরাপত্তা কোথায়? কেন আমার বোন রাত ১২টায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? আমরা এমন দেশ চাই, যেখানে নারী-পুরুষ সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে।”

শিক্ষার্থীরা সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো, ২৪-এর মতো আন্দোলন গড়ে তুলবো। আমরা ধর্ষকদের সঙ্গে কোনো আপস করবো না।”

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। তারা বলেন, “যারা জনগণের নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা যদি তাদের কাজ যথাযথভাবে করতেন, তাহলে এত অপরাধ সংগঠিত হতো না। আমরা চাই, প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক।” শিক্ষার্থীদের এ কর্মসূচি সাধারণ জনগণেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

সারাবাংলা/জেটি/এসএইচএস