Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা মাধব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেট নগরীর জিন্দাবাজার ও বন্দর বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় মহানগর যুবদলের বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া জয়দ্বীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করা হয়। পরে ছোরা দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে। এ সময় ওই ব্যবসায়ীকে মারধর করে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গিয়ে হকারদের শান্ত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘণ্টার মাথায় রাত ১২টার দিকে যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে বহিষ্কার করা হয়।

চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো