Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রীদের নিরাপত্তায় এবার মেট্রোরেলের কোচে থাকবে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যাত্রী সাধারণের নিরাপত্তা দিতে মেট্রোরেলের কামরার ভেতরে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস র‌্যাপিড কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৪ মার্চ) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাশাপাশি স্টেশনেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।

জানা গেছে, মেট্রোরেলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তার স্বার্থে প্রতি সেট ট্রেনের (৬টি কোচ) ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন।

সুজিত কুমার গোমস্তা গণমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ ও মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।

বিজ্ঞাপন

মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমআরটি পুলিশের জনবল বাড়ালে ও পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবার মান আরও বাড়ানো সম্ভব।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মেট্রোরেলে ছিনতাই, চুরির ঘটনা ঘটছে নিয়মিত। সিসি ক্যামেরায়ও অনেক ঘটনা ধরা পড়েছে। যাত্রীদের সতর্ক করতে সচিবালয়সহ একাধিক স্টেশনে ডিএমটিসিএলের পক্ষ থেকে মাইকিং করতেও দেখা গেছে।

সারাবাংলা/জেআর/এমপি