Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী নুর মোহাম্মদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, ‘আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। সে শুরুতে আমাদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় থাকলেও পরবর্তীতে আমাদের মৃত্যুর মুখে রেখে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করে। ফলে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১৮ জুলাই আমাদের একজন সহযোদ্ধা শহিদ হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা প্রশাসনের কাছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তী সেখানে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ সারাবাংলাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের টিম সেখানে হাজির হয়। পরে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো