Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১ মাসের ব্যবধানে ফের রেকর্ড ছাড়াল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ২০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত ২০ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে সোনার দাম। ওই সময় সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ৮৭৭ টাকা। কিন্তু প্রায় এক মাস পর সোনার দাম ফের সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। যদিও মাত্র একদিন আগে সোনার দাম আগের রেকর্ডের কাছাকাছি চলে আসে। মাত্র দু’দিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ভালো মানের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (১৯ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৯ মার্চ থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৯৮টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৬ মার্চ সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো