Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ (৪৮) ছয় জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বাকি গ্রেফতাররা হলেন- মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নম্বর ২৯) দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারা সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেফতার ৬ জনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, আরসা প্রধান আতাউল্লাহসহ রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো