Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে অবৈধভাবে পাথর উত্তোলন, সাবেক ছাত্রলীগ নেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন লিপ্টনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সীমান্তের বড় বিল্লাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

জানা যায়, আরিফ হোসেন লিপ্টন তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্তে অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানে জানা যায়, সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন জমির মালিক কাজী মাহবুব এর কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলনের কথা জানান।

এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। এ সময় তিনি অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি দেন। পরে তিনি স্বীকারোক্তি করায় অপরাধীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। কিন্তু এ অভিযানে পুলিশের অনুপস্থিতি উদ্বেগজনক বলে দাবি করেছেন সচেতন মহল।

তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরু জানান, ‘ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহল ও সাদামাটি ব্যবস্থাপনা আইন ২০১০/২০২৩ এর ১৫ (১) ধারা মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক পাথর ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসব কার্যক্রম বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ