Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্যোতির দ্রুততম সেঞ্চুরি, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৫:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের বিপক্ষে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।ওয়ানডেতে ৭৮ বলে নিজের প্রথম সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি। একইসাথে তার সেঞ্চুরিতে আজ (বৃহস্পতিবার) নিজেদের ওয়ানডে ইতিহাসে  ৩ উইকেটে ২৭১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তা। তবে ৮২ বলে ৫৩ রান করে আউট হন পিংকি। উইকেটে আসেন অধিনায়ক জ্যোতি।

বিজ্ঞাপন

৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় তুলে নেন বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জ্যোতির ব্যাট থেকে আসে ৮০ বলে ১০১ রানের ইনিংস। জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সুপ্তা। ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগেও একবার সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হন ঘরের মাঠে।

তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।

থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।

সারাবাংলা/জেটি