ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), মো. পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)।
দক্ষিণখান থানার ওসি বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় একটি নির্মাণাধীন রাস্তার ওপর শাহিন (২৮) নামের এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যান তারা। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’