ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুইজন হলেন— মো. রাজন সরদার (২৫) ও মো. ফয়সালুর রহমান ওরফে ফয়সাল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তাদের গ্রেফতার করা হয়।
আকতার হোসেন বলেন, ‘পল্লবী থানার সেকশন-১১, ব্লক সি, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল কয়েকজন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই দুইজনকে আটক করা হয়।’
তিনি জানান, গ্রেফতার রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।