ব্রিটিশ জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’ (TOWIE) খ্যাত অভিনেতা জেক হলের মরদেহ উদ্ধার করা হয়েছে স্পেন থেকে। গত ৭ মে স্পেনের মায়োর্কার সান্তা মার্গালিদা পৌরসভা এলাকায় ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ৩৫ বছর বয়সী এই অভিনেতার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি রিভার নামে ৮ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন, যার মা হলেন ‘লেডিস অব লেডিস’ তারকা মিসে বেকিরি।
মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, বাইরে এক রাত কাটানোর পর জেক হলকে একটি ভবনের সামনে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার বুকে কাঁচের দরজার ভাঙা টুকরো বিঁধে ছিল। স্পেনের প্রধান জাতীয় পুলিশ বাহিনী গার্ডিয়া সিভিল প্রাথমিকভাবে ধারণা করছে, ভুক্তভোগী অভিনেতা একটি কাঁচের জানালার ওপর ঝাঁপিয়ে পড়ার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভবনের ভেতরে চারজন পুরুষ ও দুইজন নারী মাদক সেবন করছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা সবাই বাইরে পার্টি করছিলেন এবং ওই বাসভবনে পৌঁছানোর পর আরও মাদক ও অ্যালকোহল সেবন করতে চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ মাদক গ্রহণের ফলে জেক হল প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং এরপরই এই দুর্ঘটনা ঘটে।
গার্ডিয়া সিভিলের জুডিশিয়াল পুলিশ দল এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন যে, তারা মৃত নাগরিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং স্প্যানিশ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
উল্লেখ্য, জেক হল ২০১৫ সালে জনপ্রিয় শো ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’-এ যোগ দিয়ে দর্শকদের নজরে আসেন। দীর্ঘ প্রায় ১০ বছর অভিনয়ের পর ২০২৪ সালে তিনি অনুষ্ঠানটি থেকে বিদায় নেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও তার সফল পদচারণা ছিল। বিবিসির তথ্যমতে, তিনি ‘বাই জেক হল’ এবং ‘প্রেভু স্টুডিও’র মতো সফল ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। তার ডিজাইন করা পোশাক সুপার মডেল বেলা হাদিদের মতো বিশ্বখ্যাত তারকারাও পরেছেন। সফল এই তারকার এমন করুণ মৃত্যু তার ভক্ত ও সহকর্মীদের স্তব্ধ করে দিয়েছে।