ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো ধামাকা, আর সেই পালে হাওয়া দিচ্ছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’। ঈদুল আজহাকে লক্ষ্য করে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই বিনোদন পাড়ায় শুরু হয়েছে তুমুল উত্তেজনা। তবে এবারের আলোচনার কেন্দ্রে সিনেমার গল্প নয়, বরং শাকিবের বিপরীতে নায়িকাদের রসায়ন। শোনা যাচ্ছে, এই সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে দেশি গ্ল্যামার আর বিদেশি চমক।
সিনেমা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ‘রকস্টার’-এ একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যেতে পারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত তানজিয়া জামান মিথিলাকে। এ নিয়ে পরিচালকের সঙ্গে তার কয়েক দফা আলোচনাও হয়েছে। চিত্রনাট্য ও চরিত্র মিথিলার পছন্দ হওয়ায় বড় পর্দায় শাকিব-মিথিলা জুটিকে দেখার সম্ভাবনা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে ভক্তদের জন্য আসল চমক তোলা থাকছে প্রধান নায়িকার চরিত্রে। গুঞ্জন উঠেছে, শাকিবের এই বিগ বাজেট প্রজেক্টে প্রধান নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের বর্তমান সময়ের কোনো শীর্ষ অভিনেত্রী। যদিও কৌশলগত কারণে নির্মাতারা সেই নামটি এখনো সযতনে গোপন রেখেছেন।
সিনেমাটির পরিচালক আজমান রুশো এখনই সব রহস্য ফাঁস করতে নারাজ। নায়িকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কাজ গুছিয়ে আনার আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলা ঠিক হবে না, তবে খুব শিগগিরই বড় কোনো ঘোষণা আসবে। বর্তমানে শাকিব খান তার অন্য একটি সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই কাজ শেষ করে অল্প বিরতি নিয়েই তিনি ‘রকস্টার’-এর সেটে যোগ দেবেন। দেশি ও পাকিস্তানি সুন্দরীর মাঝে ‘রকস্টার’ শাকিবকে দেখার জন্য এখন থেকেই প্রহর গুনছেন ভক্তরা।