ভালোবাসা দিবসের আবহে রূপালি পর্দায় নতুন রসায়ন নিয়ে হাজির হয়েছেন শহিদ কাপুর ও তৃপ্তি দিমরি। মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তাদের অভিনীত সিনেমা ‘ও রোমিও’। বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ সুবিধা কাজে লাগিয়ে মাত্র দুই দিনেই ছবিটির আয় ২০ কোটি রুপির ঘর ছুঁইছুঁই করছে। দর্শক ও সমালোচকদের নজর কেড়ে নেওয়া এই সিনেমাটি বক্স অফিসে দীর্ঘ দৌড়ের ইঙ্গিত দিচ্ছে।
মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবার থেকেই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম দিনে ছবিটির আয় ছিল প্রায় সাত কোটি পঁচাত্তর লাখ রুপি। তবে চমক দেখিয়েছে দ্বিতীয় দিন তথা শনিবার। এদিন আয়ের অঙ্ক লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে। একদিনের ব্যবধানে আয়ের এই পঞ্চাশ শতাংশ প্রবৃদ্ধি চলচ্চিত্র বিশ্লেষকদের ইতিবাচক সংকেত দিচ্ছে। শনিবার ভালোবাসা দিবস হওয়ায় রোমান্টিক ঘরানার এই ছবির প্রতি দর্শকদের বাড়তি আকর্ষণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
বর্তমান সময়ে যেখানে হালকা মেজাজের রোমান্টিক-কমেডি ঘরানার ছবিগুলো বক্স অফিসে দাপট দেখাচ্ছে, সেখানে ‘ও রোমিও’ কিছুটা ভিন্ন পথে হেঁটেছে। ছবিটি মূলত গাঢ় আবেগ ও রহস্যধর্মী আবহে নির্মিত। বাণিজ্যিক দিক থেকে এমন বিষয়বস্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও শহিদ-তৃপ্তি জুটির রসায়ন সেই ঝুঁকি অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। তবে ছবিটির নির্মাণ ব্যয় তুলনামূলক বেশি হওয়ায়, আয়ের এই ধারা কতটা স্থায়ী হয় এবং ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সাফল্যের এই ধারা বজায় রাখার পথে ‘ও রোমিও’র সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। রবিবারের আয়ের ওপর ছবিটির ভাগ্য অনেকটাই নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, শনিবারের তুলনায় আয় যদি স্থিতিশীল থাকে তবেই একে প্রকৃত সাফল্য বলা যাবে। তবে একই দিনে গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ থাকায় প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিতে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, মাঠের লড়াই ছাপিয়ে পর্দার ‘রোমিও’ দর্শকদের কতটা মোহাবিষ্ট করে রাখতে পারে।