Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি ডিভোর্সি নই: বুবলী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮

শোবিজ অঙ্গনে গুঞ্জন নতুন কিছু নয়। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো বা নতুন সম্পর্ক। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ থাকে না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। প্রশ্ন একটাই— তিনি কি আবার মা হতে চলেছেন?

বছরের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর, বুবলী নাকি অন্তঃসত্ত্বা। এমনকি পাঁচ মাসের গর্ভাবস্থার কথাও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। তবে বরাবরের মতোই সরাসরি হ্যাঁ বা না, কোনোটিই বলেননি তিনি। বরং এক পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন এই অভিনেত্রী।

বুবলীর বক্তব্যের কেন্দ্রে ছিল একটি শব্দ ‘ব্যক্তিস্বাধীনতা’। তার ভাষ্য, তিনি একজন বিবাহিত নারী এবং ‘ডিভোর্সি’ নন। তাই তিনি মা হচ্ছেন কি হচ্ছেন না, সেটি কখন জানাবেন বা আদৌ জানাবেন কি না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন বিবাহিত নারীর জীবনে মাতৃত্বের গুঞ্জন উঠলেই সেটি কেন জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে, এই প্রশ্নও ছুড়ে দেন তিনি।

বিজ্ঞাপন

চার বছর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, তার জীবনে অপু বিশ্বাস ও বুবলী দুজনেই ‘অতীত’। সেই প্রসঙ্গ টেনে এনে বুবলী বলেন, বৈবাহিক অবস্থানের ক্ষেত্রে ‘অতীত’ বলে কোনো শব্দ নেই। মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। তার দাবি, তাদের মধ্যে কখনোই ডিভোর্স হয়নি। ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেসব ঠিকও হয়ে যায়।

এদিকে শাকিব খানকে ঘিরে প্রায়ই সামাজিক মাধ্যমে বুবলী ও অপু বিশ্বাস-এর পাল্টাপাল্টি পোস্ট চোখে পড়ে। নেটিজেনদের একাংশ সেটিকে ‘বাকযুদ্ধ’ বলেও আখ্যা দেন। তবে বুবলীর দাবি, তার পক্ষ থেকে কখনোই এমন প্রতিক্রিয়া শুরু হয়নি। তিনি ইঙ্গিত দেন, অনেকে সময় ও পরিস্থিতি বুঝে অবস্থান বদলান, কিন্তু তিনি সে পথে হাঁটেন না।

বুবলীর এই বক্তব্যে যেমন রহস্য রয়ে গেছে, তেমনি স্পষ্ট হয়েছে তার অবস্থান। মাতৃত্বের প্রশ্নে তিনি নীরব থাকতে পারেন, কিন্তু নিজের বৈবাহিক পরিচয় নিয়ে দ্বিধা রাখেননি। হয়তো এই নীরবতাই তার বার্তা।সব প্রশ্নের উত্তর জনসমক্ষে দিতে হয় না।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর