প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং আজই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপজনিত জটিলতা থেকেই এই রক্তক্ষরণ শুরু হয়।
খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে। শুটিং বাতিল করে দ্রুত হাসপাতালে পৌঁছান তার পুত্র, বলিউড সুপারস্টার সালমান খান। বাবার শয্যার পাশে দাঁড়িয়ে থাকা সেই তারকার মুখেও ছিল স্পষ্ট উৎকণ্ঠার ছাপ। শুধু সালমানই নন, পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে অবস্থান করছেন। বন্ধু-সহকর্মীদের মধ্যে থেকে খোঁজ নিতে এসেছেন সঞ্জয় দত্তসহ আরও অনেকে।
ভারতের ইন্দোরে জন্ম নেওয়া সেলিম খান শুধু একজন চিত্রনাট্যকার নন, তিনি হিন্দি সিনেমার স্বর্ণযুগের এক অবিচ্ছেদ্য নাম। অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমালেও পরবর্তীতে লেখালেখির জগতে নিজের স্বাক্ষর রাখেন তিনি। পরিচালক আবরার আলভির সহকারী হিসেবে কাজ করার সময় তার পরিচয় হয় জাভেদ আখতারের সঙ্গে। সেখান থেকেই জন্ম নেয় ভারতীয় সিনেমার ইতিহাসের কিংবদন্তি জুটি ‘সেলিম-জাভেদ’।
এই জুটির হাত ধরে উপহার পেয়েছে অসংখ্য কালজয়ী সিনেমা-শোলে, দিওয়ার, ডন, ত্রিশূল, জাঞ্জির, সীতা অউর গীতা, হাতি মেরে সাথী, ইয়াদোঁ কি বারাত এবং মিস্টার ইন্ডিয়ার মতো জনপ্রিয় চলচ্চিত্র। তাদের গল্প বলার ভঙ্গি, সংলাপের শক্তি এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরার দক্ষতা বদলে দিয়েছিল মূলধারার বলিউডের ধারা।
গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেন এই বর্ষীয়ান লেখক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেমন সাফল্যের আলো দেখেছেন, তেমনি গড়েছেন এক সাংস্কৃতিক উত্তরাধিকার। আজ সেই মানুষটিই হাসপাতালের শয্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল, তবে অস্ত্রোপচারের ফলাফলের ওপরই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।