Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দশক পর ভারতের মঞ্চে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ উন্মাদনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২

বিশ্বজুড়ে যার সুরের জাদুতে কোটি কোটি মানুষ মোহাবিষ্ট, সেই কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও পা রাখছেন ভারতের মাটিতে। প্রায় ১৯ বছর পর দেশটিতে লাইভ পারফরম্যান্স করতে আসছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তিনি মঞ্চ মাতাবেন। শাকিরার এই সফর কেবল একটি কনসার্ট নয়, বরং সুরের মূর্ছনায় সামাজিক পরিবর্তনের এক বড় মহড়া হতে যাচ্ছে। মুম্বাইয়ের ঐতিহাসিক মহালক্ষ্মী রেসকোর্স এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

শাকিরার এবারের সফরের মূল উদ্দেশ্য ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ করা। জোমাটোর আয়োজনে এই কনসার্টটি মূলত ভারতে ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। শাকিরা ব্যক্তিগত জীবনেও তার ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিশুদের শিক্ষা ও পুষ্টি নিয়ে কাজ করেন। তাই এই মহৎ উদ্দেশ্যের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে তিনি উচ্ছ্বসিত। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভারতের ভক্তদের ভালোবাসা তিনি কখনোই ভোলেননি এবং প্রতিটি শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করার এই লড়াইয়ে তিনি অংশ নিতে মুখিয়ে আছেন।

বিজ্ঞাপন

শাকিরার ভারত সফরের কথা বললেই স্মৃতিপটে ভেসে ওঠে ২০০৭ সালের সেই জমকালো সন্ধ্যা। সে সময় তার ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি প্রথমবার মুম্বাইয়ে পারফরম্যান্স করেছিলেন। তখন শাকিরার বেলি ড্যান্স আর কণ্ঠের জাদুতে বুঁদ হয়েছিল গোটা ভারত। এরপর দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও ভারতে তার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। এবারের কনসার্টে তার পুরনো সব জনপ্রিয় গানের পাশাপাশি নতুন অ্যালবাম থেকেও গান পরিবেশন করবেন বলে ধারণা করা হচ্ছে।

শাকিরার ভারত আগমন উপলক্ষে বলিউড পাড়াতেও শুরু হয়েছে তোলপাড়। অনেক নামী তারকা শাকিরার এই লাইভ শো দেখার জন্য মুখিয়ে আছেন। শোনা যাচ্ছে, মুম্বাই ও দিল্লির কনসার্টগুলোতে শাকিরার পাশাপাশি ভারতের কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পীও পারফর্ম করতে পারেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর