Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের রূপালি লড়াই: শাকিব- নিশো-সিয়াম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

ঈদ মানেই নতুন পোশাক, সেমাই আর ঘুরে বেড়ানো। কিন্তু গত এক দশকে এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি অনিবার্য অনুষঙ্গ সিনেমা। রোজার ঈদ সামনে রেখে এবার প্রেক্ষাগৃহে নাম লেখাতে যাচ্ছে ১৬টি ছবি। সংখ্যার হিসেবে যা সাম্প্রতিক সময়ের রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংখ্যার ভেতরে লুকিয়ে আছে অন্য এক প্রশ্ন; তারকার ঝলকানি কি গল্পকে ছাপিয়ে যাবে, নাকি দর্শক খুঁজবেন ভিন্ন স্বাদ?

গ্যাংস্টার লুকে শাকিবের বাজি

ঈদের বাজারে আলোচনার কেন্দ্রে বরাবরই থাকেন শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়, নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এক গ্যাংস্টার কাহিনিতে। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। শুটিং চলমান থাকলেও ঈদে মুক্তির ঘোষণা ছবিটিকে আগেভাগেই আলোচনার টেবিলে তুলে এনেছে। বড় ক্যানভাস, অ্যাকশন আর সময়ের পুনর্নির্মাণ।সব মিলিয়ে এটি নিঃসন্দেহে হলমালিকদের আগ্রহের কেন্দ্র।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্যানভাসে নিশো

ওটিটির পর বড় পর্দায় নিজের অবস্থান পোক্ত করতে চান আফরান নিশো। ‘দম’ সিনেমায় তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। পরিচালনায় রেদওয়ান রনি। কাজাখস্তানের বিস্তীর্ণ প্রাকৃতিক প্রেক্ষাপটে ধারণ করা সারভাইভাল ঘরানার এই ছবিটি ভিজ্যুয়াল ও আবেগ- দুই দিক থেকেই বড় পর্দার অভিজ্ঞতা দিতে চায়। গত ঈদের সাফল্যের ধারাবাহিকতায় নিশোর জন্য এটি বড় পরীক্ষা।

অ্যাকশনে পাল্টা জবাব সিয়াম

অ্যাকশন ঘরানায় শক্ত অবস্থান নিতে প্রস্তুত সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় চিত্রায়িত ছবিটিতে বাণিজ্যিক উপাদানের ছড়াছড়ি। তরুণ দর্শক টানতে সিয়ামের এই ঝুঁকি কতটা কাজে আসে, সেটিই দেখার।

সাহিত্য থেকে সমাজবাস্তবতায় রাজ

তারকাবহুল ছবির ভিড়ে রয়েছে সাহিত্যনির্ভর ও সামাজিক গল্পও। তানিম নূর নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’, যা হুমায়ূন আহমেদ–এর উপন্যাস অবলম্বনে। অভিনয়ে আছেন সাবিলা নূর, শরিফুল রাজ, মোশাররফ করিম ও আজমেরী হক বাঁধন।

পুরোনো জুটির প্রত্যাবর্তনে শুভ

সাত বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ‘মালিক’ সিনেমায়। থ্রিলার ‘দুর্বার’, পোশাকশিল্প ঘিরে ‘কাট পিস’, পারিবারিক আবেগে ‘ডোডোর গল্প’,বৈচিত্র্যে ভরপুর তালিকা।

শেষ কথা

দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা সীমিত। ১৬টি ছবির মধ্যে শেষ পর্যন্ত কয়টি টিকে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। বড় তারকার ছবি কি অধিকাংশ হল দখল করবে? নাকি মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসায় কোনো ছোট ছবি চমক দেখাবে?

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ঈদের রূপালি লড়াই: শাকিব- নিশো-সিয়াম
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর