Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ঠেকিয়ে মার্কিন র‌্যাপার গুচি ম্যানকে অপহরণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৪

বিশ্ববিখ্যাত মার্কিন র‌্যাপার এবং ‘১০১৭ রেকর্ডস’-এর প্রতিষ্ঠাতা গুচি ম্যানকে নিজ প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধ শিল্পীর হাতেই ভয়াবহ অপহরণ ও সশস্ত্র ডাকাতির শিকার হতে হয়েছে। টেক্সাসের ডালাসে একটি মিউজিক স্টুডিওতে ঘটা এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত গত বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই চাঞ্চল্যকর অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে গুচি ম্যানের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও জনপ্রিয় র‌্যাপার পু শিফটি এবং বিগ-৩০-কে। মামলার এজাহার অনুযায়ী, গত ১০ জানুয়ারি রেকর্ডিং চুক্তির শর্তাবলী আলোচনার অজুহাতে গুচি ম্যানসহ তিনজনকে একটি স্টুডিওতে আমন্ত্রণ জানান পু শিফটি (আসল নাম লনট্রেল উইলিয়ামস জুনিয়র)। কিন্তু আলোচনার পরিবর্তে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা সশস্ত্র একদল দুষ্কৃতকারী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মার্কিন অ্যাটর্নি রায়ান রেবোল্ড জানিয়েছেন, এটি কোনো সাধারণ বিবাদ ছিল না, বরং ছিল একটি অত্যন্ত পরিকল্পিত ও নৃশংস হামলা।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে বিচার বিভাগ জানিয়েছে, স্টুডিওতে ঢোকার পরপরই বন্দুকের মুখে ভুক্তভোগীদের জিম্মি করা হয়। অভিযুক্তরা গুচি ম্যানের এক সহযোগীকে জোরপূর্বক রেকর্ডিং চুক্তির মুক্তিপত্রে সই করতে বাধ্য করে। শুধু তাই নয়, সশস্ত্র এই দলটি ভুক্তভোগীদের কাছ থেকে দামী রোলেক্স ঘড়ি, স্বর্ণের অলঙ্কার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ লুটে নেয়। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, শ্বাসরোধ করার কারণে একজন ভুক্তভোগী প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই পুরো সময়জুড়ে বিগ-৩০ স্টুডিওর দরজায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিলেন যাতে কেউ পালিয়ে সাহায্য চাইতে না পারে। তদন্তে উঠে আসা সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, এই অপরাধের সময় পু শিফটি ফ্লোরিডার একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে গৃহবন্দী অবস্থায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ডালাসে এসে এই ভয়াবহ কাণ্ড ঘটানোয় বিস্মিত খোদ তদন্তকারীরাও। এমনকি তার বাবাও এই অপহরণ ও লুটপাটের নীল নকশা বাস্তবায়নে সক্রিয়ভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

লুটতরাজ চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাই করা মালামালের ছবি ও ভিডিও পোস্ট করে নিজেদের দাপট জাহির করার চেষ্টা করেন, যা এখন তাদের বিরুদ্ধেই অকাট্য প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। ফেডারেল তদন্তকারীদের তৎপরতায় ইতোমধ্যে ডালাস, মেমফিস এবং ন্যাশভিল থেকে নয়জন অভিযুক্তের মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের ভাগ্যে জুটতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। দীর্ঘ সময় ধরে পুরো শিফটির ক্যারিয়ারে মেন্টর হিসেবে কাজ করা গুচি ম্যানের জন্য এটি একটি বড় বিশ্বাসভঙ্গের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই নৃশংস অপরাধের সংবাদে মার্কিন সংগীত মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অ্যাটর্নি রেবোল্ড স্পষ্ট করে দিয়েছেন যে, যারা সহিংসতাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে এখন পর্যন্ত পু শিফটি বা তার আইনজীবীদের পক্ষ থেকে এই ভয়াবহ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এফএন/এএসজি