Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাস্টিনের বিরুদ্ধে ব্লেক লাইভলির যৌন হয়রানির অভিযোগ খারিজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ২০:০৯

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলির দায়ের করা যৌন হয়রানির মামলা থেকে বড় ধরনের স্বস্তি পেলেন অভিনেতা ও পরিচালক জাস্টিন বলডোনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বৃহস্পতিবার এক আদেশে ফেডারেল আদালতের ডিস্ট্রিক্ট জজ লুইস লিমান লাইভলির করা ১৩টি অভিযোগের মধ্যে ১০টিই সরাসরি খারিজ করে দিয়েছেন। যার মধ্যে বলডোনির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও মানহানির মূল অভিযোগগুলোও রয়েছে। আদালতের এই রায়ের ফলে মামলাটি এখন অনেকটাই সংকুচিত হয়ে এসেছে এবং বলডোনি ব্যক্তিগতভাবে অধিকাংশ দায় থেকে মুক্তি পেয়েছেন। তবে অবশিষ্ট তিনটি অভিযোগ।প্রতিশোধ গ্রহণ, প্রতিশোধে সহায়তা এবং চুক্তি ভঙ্গের বিষয়ে বলডোনির প্রযোজনা সংস্থা ‘ওয়েফেয়ারার’ ও সংশ্লিষ্ট অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় লেখক কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং চলাকালীন এই বিতর্কের সূত্রপাত হয়। ব্লেক লাইভলি অভিযোগ করেছিলেন যে, সহ-অভিনেতা ও পরিচালক বলডোনি সেটে তার ব্যক্তিগত যৌন জীবন নিয়ে আপত্তিকর আলোচনা করতেন এবং চিত্রনাট্যের বাইরে গিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দিতেন। এমনকি এই বিষয়ে মুখ খোলায় বলডোনি পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন বলেও দাবি করেন লাইভলি। তবে শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন বলডোনি। আদালতের সাম্প্রতিক রায়ে সন্তোষ প্রকাশ করে বলডোনির আইনজীবীরা জানিয়েছেন, তাদের মক্কেলরা নির্দোষ এবং কোনো ধরনের অশালীন আচরণের সঙ্গে যুক্ত ছিলেন না।

অন্যদিকে, মামলার অধিকাংশ অংশ খারিজ হয়ে গেলেও ব্লেক লাইভলির আইনি দল এখনো অনড় অবস্থানে রয়েছে। লাইভলির আইনজীবী সিগ্রিড ম্যাকলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই লড়াই মূলত প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধে। শুটিং সেটে নিরাপত্তার দাবি তোলায় লাইভলিকে ডিজিটাল আক্রমণের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তারা মনে করেন। লাইভলি নিজেও আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য মুখিয়ে আছেন যাতে অনলাইনে নারীদের কণ্ঠরোধ করার অপচেষ্টাকারীদের মুখোশ উন্মোচন করা যায়। বর্তমানে ঝুলে থাকা অবশিষ্ট তিনটি অভিযোগের ওপর ভিত্তি করে আগামী ১৮ মে চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। হলিউডের অন্দরমহলে এই মামলাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর