Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখী উন্মাদনায় ফিরছে ‘বাজে রে বাজে ঢোল আর ঢাক’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৬

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই উৎসবের তালিকায় শ্রেষ্ঠ আসনটি দখল করে আছে পহেলা বৈশাখ। বৈশাখী মেলা হোক কিংবা পাড়ার কোনো অনুষ্ঠান, ঢাক-ঢোলের শব্দ ছাড়া যেন উৎসবের পূর্ণতা আসে না। আর এই ঢাকের শব্দের সাথে যে গানটি গত ১৮ বছর ধরে বাঙালির হৃদয়ে গেঁথে আছে, সেটি হলো ‘বাজে রে বাজে ঢোল আর ঢাক’। দেড় দশকেরও বেশি সময় আগে কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া সেই কালজয়ী গানটি এবার নতুন আঙ্গিকে এবং আধুনিক সাজে ফিরছে শ্রোতাদের মাঝে।

গানটির মূল আবেদন ঠিক রাখতে এবারও এর নেপথ্য কারিগর হিসেবে থাকছেন প্রখ্যাত সংগীত পরিচালক শওকত আলী ইমন। তিনি জানিয়েছেন, গানটির চিরচেনা সেই বৈশাখী আবহ বজায় রাখা হয়েছে, তবে সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে এতে যোগ করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির শব্দশৈলী ও সংগীতায়োজন। মূলত নতুন প্রজন্মের তরুণ শ্রোতারা যাতে বৈশাখী উৎসবের এই গানের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারে, সেই লক্ষ্যেই গানটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গানটির আবেদন নিয়ে শওকত আলী ইমন বলেন, এই গানের জনপ্রিয়তা কেবল এদেশের গ্রাম-গঞ্জের মেলাতেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের যেখানেই বাঙালি আছে, সেখানেই এই সুর প্রাণের স্পন্দন হিসেবে বাজে। এমনকি প্রবাসের বিভিন্ন কনসার্টেও এই গানটির জন্য শ্রোতাদের যে উন্মাদনা তিনি দেখেছেন, তা অভাবনীয়। সেই স্মৃতি ও ভালোবাসাকে সম্মান জানাতেই কবির বকুলের কথায় গানটিকে নতুন করে শ্রোতাদের উপহার দেওয়ার এই প্রয়াস।

এবারের সংস্করণে সবচেয়ে বড় চমক থাকছে কণ্ঠশিল্পী নির্বাচনে। মূল সুরকার শওকত আলী ইমনের সাথে এবার কণ্ঠ মেলাবেন এই সময়ের চার জনপ্রিয় সংগীত তারকা। ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। চারজন ভিন্ন ঘরানার শিল্পীর উপস্থিতিতে গানটি এক অনন্য মাত্রা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু গানই নয়, দর্শকদের চোখ জুড়াতে নির্মাণ করা হয়েছে জমকালো একটি মিউজিক ভিডিও। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল আয়োজনে চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

একটি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোগে নির্মিত এই বর্ণিল গানটি আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে। খুব শিগগিরই এটি ইউটিউবসহ দেশের সব শীর্ষস্থানীয় ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। আয়োজকদের আশা, নতুন সাজে সজ্জিত এই ‘ঢোল আর ঢাক’-এর শব্দ নতুন প্রজন্মের কাছে পহেলা বৈশাখকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলবে।

সারাবাংলা/এফএন/এএসজি