Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধবোধ থেকে প্রায়শ্চিত্ত: ৫০ জন নারীর দায়িত্ব নিচ্ছেন র‍্যাপার বাদশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৮

বিতর্ক আর র‍্যাপার বাদশা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে এবারের বিতর্কটা শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে আইনি জটিলতা আর মুচলেকা পর্যন্ত। গত ১ মার্চ মুক্তি পাওয়া তার নতুন গান ‘টাটিরি’ নিয়ে শুরু থেকেই উত্তপ্ত ছিল নেটপাড়া। গানের কথা আর দৃশ্যায়নে নারীদের অবমাননা করার অভিযোগে বিদ্ধ এই সংগীতশিল্পী শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তবে এবারের ক্ষমা চাওয়াটা কেবল মৌখিক নয়, বরং এক বড় সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতিতে রূপ নিয়েছে।

সম্প্রতি ভারতের জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হতে হয়েছিল বাদশাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই র‍্যাপার কেবল ক্ষমাই চাননি, বরং প্রায়শ্চিত্ত হিসেবে নিয়েছেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। তিনি ঘোষণা করেছেন, সমাজের পিছিয়ে পড়া ৫০ জন শিশুকন্যার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন তিনি। শুধু তাই নয়, আর্থিকভাবে অসচ্ছল নারীদের অন্ন-বস্ত্রের সংস্থানের পাশাপাশি নারী উন্নয়নমূলক বিভিন্ন তহবিলের জন্য অর্থ সংগ্রহের কাজেও সরাসরি যুক্ত থাকবেন। বাদশার আইনজীবীর মতে, এটি কেবল একটি আইনি সমঝোতা নয়, বরং নারীর প্রতি সম্মান প্রদর্শনের এক অঙ্গীকার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘টাটিরি’ গানটি প্রকাশের পর থেকেই হরিয়ানা মহিলা কমিশন এর তীব্র বিরোধিতা করে আসছিল। জনমানসে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগে বাদশার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ এমনকি গ্রেফতারি পরোয়ানার দাবিও তোলা হয়েছিল। সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতেই বাদশা কমিশনের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী চার মাসের মধ্যে তিনি নারীদের ইতিবাচকভাবে তুলে ধরে একটি বিশেষ গান তৈরি করবেন। ভবিষ্যতের কাজগুলোতে আর কোনোভাবেই যেন নারী অবমাননার ছায়া না থাকে, সে বিষয়েও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। বিনোদন দুনিয়ার চাকচিক্যের আড়ালে এই যে ভুলের সংশোধনতা বাদশার ক্যারিয়ারে এক নতুন মোড় নিয়ে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর