এবারের ঈদুল ফিতরের ওটিটি অঙ্গনে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘চক্র ২’। ২০০৭ সালে ময়মনসিংহের সেই চাঞ্চল্যকর এক পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ছায়া অবলম্বনে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছে। নির্মাতা ভিকি জাহেদের নিখুঁত নির্মাণশৈলী আর পরতে পরতে রহস্যের বুনন যেন দর্শকদের এক অশুভ আর অন্ধকার জগতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যা থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়া ভার।
পুরো সিরিজজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। পর্দার চেনা রোমান্টিক তৌসিফকে ভুলে দর্শকরা এখন বুঁদ হয়ে আছেন ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রে। এই চরিত্রে তৌসিফের মানসিক রূপান্তর এবং ভয়ংকর অভিব্যক্তি দর্শকদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। ধূসর আর মানসিকভাবে বিপর্যস্ত একটি চরিত্রকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, তাকে তৌসিফের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে রায় দিচ্ছেন সমালোচক ও সাধারণ দর্শকরা। সামাজিক মাধ্যমে তাঁর লুক আর অভিনয় নিয়ে বয়ে যাচ্ছে প্রশংসার ঝড়, যা কেবল প্রশংসায় সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে নানা মিম আর কার্টুনেও।
আইস্ক্রিনে মুক্তি পাওয়া ৮ পর্বের এই সিরিজটি জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও রেকর্ড গড়ছে। মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয়ের খবর জানিয়ে ওটিটি প্ল্যাটফর্মটি বলছে, বর্তমানে তাদের সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে এই সিরিজ। তৌসিফ ছাড়াও আজমেরী হক বাঁধন, শাহেদ আলী ও মৌসুমী মৌয়ের মতো অভিনয়শিল্পীদের শক্তিশালী উপস্থিতি ডার্ক থ্রিলারটি পূর্ণতা দিয়েছে। সব মিলিয়ে ‘চক্র ২’ কেবল একটি সিরিজ নয়, বরং দর্শকদের জন্য হয়ে উঠেছে এক দীর্ঘস্থায়ী ঘোরের নাম।