Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন দিবসের জনসমাবেশে সুন্দরবন রক্ষায় আলোকপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫

সুন্দরবন রক্ষায় র‌্যালি।

বাগেরহাট: সুন্দরবন দিবস উপলক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’ ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ আয়োজন করেছে জনসমাবেশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মোংলা পৌর শহীদ মিনার চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বকারী মো. নূর আলম শেখ।

জনসমাবেশে বক্তারা বলেন, সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের নীতি-নির্ধারকদের কাছে আজও সুন্দরবন গুরুত্বহীন। মানুষের আগ্রাসনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ ক্ষতবিক্ষত। বন্যপ্রাণী হন্তারকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্য দেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর সমন্বয়কারী পরিবেশযোদ্ধা খ্যাত শরীফ জামিল।

তিনি বলেন, প্রতিবছর সুন্দরবন দিবসে আমরা সুন্দরবনকে রক্ষার আহ্বান জানাই। কিন্তু যত দিন যাচ্ছে, সুন্দরবন ততই বিপন্ন হচ্ছে। জাতিসংঘ সরকারকে সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা যথাযথভাবে করার পরামর্শ দিয়েছে। আমরা চাই নতুন সরকার অন্তর্ভুক্তিমূলক ও বিজ্ঞানসম্মত একটি স্বচ্ছ সমীক্ষা করবে। আমাদের প্রত্যাশা, তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণ, বিষ দিয়ে মাছ মারা ও অন্যান্য হুমকি থেকে সুন্দরবনকে সুরক্ষা দেবে।

তিনি আরও বলেন, সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দুষণ বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়াতে সুন্দবনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। কয়লা দুষণ ও শিল্প দুষণের কবল থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়ে গেছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ক্রীড়াবিদ শেখ রুস্তম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও বিএনপি নেতা নাসির তালুকদার। এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশের আগে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, বাঘ মহড়া, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এর আগে দিনটি উপলক্ষ্যে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুন্দরবন সংলগ্ন চিলা এলাকায় বনবিভাগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রাকৃতিক) মো. সানাউল্লাহ্ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ বিশেষজ্ঞ মো. মাহফিজুর রহমান চৌধুরীসহ অনেকেই। সভায় স্বাগত বক্তব্য দেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এ সভায় বক্তারা বলেন, সুন্দরবন হলো এই দেশের রক্ষাকর্তা। তাই সুন্দরবন ও বন্যপ্রাণীকে জরুরি ভিত্তিতে রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯

আরো

সম্পর্কিত খবর