ব্যক্তিগত আলাপ ছাড়িয়ে অফিসের জরুরি কাজেও এখন ‘হোয়াটসঅ্যাপ’ অপরিহার্য। স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সম্প্রতি অনেক ব্যবহারকারী একটি বিরক্তিকর সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাজ চলাকালীন হুটহাট অ্যাপটি ‘লগ আউট’ হয়ে যাচ্ছে।
বারবার লগইন করার এই ঝক্কি থেকে বাঁচতে আসুন জেনে নেই কিছু কার্যকরী উপায়…
ইন্টারনেট সংযোগের স্থিতিশীলতা যাচাই
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ অ্যাপ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ওপর নির্ভরশীল। যদি আপনার পিসির ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন হয় বা গতি খুব কমে যায়, তবে নিরাপত্তা খাতিরে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যেতে পারে। এক্ষেত্রে রাউটার রিস্টার্ট দিয়ে বা কানেকশন ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট করে দেখতে পারেন।
অ্যাপ আপডেট আছে কি না দেখুন
পুরানো ভার্সন ব্যবহারের ফলে কারিগরি ত্রুটি বা ‘বাগ’ দেখা দেওয়া স্বাভাবিক। হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে কোনো আপডেট পেন্ডিং থাকলে চ্যাট লিস্টের ওপরেই তার নোটিফিকেশন দেখা যায়। যদি আপডেট অপশন আসে, তবে দেরি না করে দ্রুত আপডেট করে নিন। এতে সফটওয়্যারের স্থায়িত্ব বাড়ে।
অপারেটিং সিস্টেম (OS) আপডেট রাখুন
পিসির অপারেটিং সিস্টেম (উইন্ডোজ বা ম্যাক) যদি অনেক পুরোনো হয়, তবে আধুনিক অ্যাপগুলো সেখানে সঠিকভাবে কাজ করতে পারে না। ওএস-এ কোনো বড় ত্রুটি থাকলে তা হোয়াটসঅ্যাপের কার্যক্রম ব্যাহত করতে পারে। তাই পিসির সেটিংসে গিয়ে চেক করুন কোনো সিস্টেম আপডেট বাকি আছে কি না।
হার্ডওয়্যার ও র্যামের সীমাবদ্ধতা
পিসির প্রসেসর বা র্যাম (RAM) যদি অতিরিক্ত চাপে থাকে, তবে ভারী অ্যাপগুলো ক্র্যাশ করতে পারে বা সেশন আউট হয়ে যেতে পারে। যদি আপনার পিসির কনফিগারেশন কম হয় এবং একসাথে অনেকগুলো ট্যাব বা সফটওয়্যার খোলা থাকে, তবে হোয়াটসঅ্যাপের পারফরম্যান্সে প্রভাব পড়ে। প্রয়োজনে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন অথবা পিসির র্যাম আপগ্রেড করার কথা ভাবতে পারেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার সময় ফোনের ব্যাটারি সেভার মোড অনেক সময় কানেকশনে সমস্যা করে। তাই পিসিতে ব্যবহারের সময় ফোনের সিঙ্ক্রোনাইজেশন ঠিক আছে কি না সেদিকেও খেয়াল রাখা জরুরি।