Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর পর জিমেইলের বড় পরিবর্তন: ইউজারনেম পাল্টান সহজেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ১৯:২৫

অনেকেই অল্প বয়সে শখের বসে এমন ইমেইল আইডি তৈরি করেন, যা পরবর্তী সময়ে পেশাদার জীবনে ব্যবহার করতে গিয়ে বিব্রত হতে হয়। দীর্ঘ দুই দশক পর ব্যবহারকারীদের সেই বিড়ম্বনা দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নিল গুগল। এখন থেকে জিমেইল অ্যাকাউন্টের ইউজারনেম বা অ্যাড্রেস পরিবর্তনের আনুষ্ঠানিক সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে এই বড় ঘোষণা দেন। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘২০০৪ সাল দারুণ ছিল ঠিকই, কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেসকে সেই অতীতে আটকে রাখার আর প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন

ডেটা হারানোর ভয় নেই

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনার ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করলেও অ্যাকাউন্টে থাকা কোনো ছবি, গুরুত্বপূর্ণ মেইল বা ড্রাইভের ফাইল ডিলিট হবে না। শুধুমাত্র ‘@gmail.com’-এর আগের অংশটি অর্থাৎ আপনার ইউজারনেমটি বদলে যাবে। বাকি সব তথ্য থাকবে আগের মতোই সুরক্ষিত।

পুরানো ঠিকানায় মেইল এলে কী হবে?

গুগল জানিয়েছে, নতুন নাম নিলেও আপনার পুরানো ইমেইল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না। সেটি ‘অল্টারনেটিভ অ্যাড্রেস’ হিসেবে আপনার অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে। ফলে কেউ যদি ভুল করে আপনার আগের ঠিকানায় মেইল পাঠায়, তবে সেটিও আপনার নতুন ইনবক্সে চলে আসবে। এমনকি ইউটিউব বা ম্যাপসের মতো গুগল সার্ভিসগুলোতে আপনি আগের নাম দিয়েও লগ-ইন করতে পারবেন।

জেনে রাখা ভালো (শর্তসমূহ)

গুগল এই ফিচারে কিছু সীমাবদ্ধতাও রেখেছে…

* সীমাবদ্ধতা: একজন ব্যবহারকারী বছরে সর্বোচ্চ একবারই নাম পরিবর্তনের সুযোগ পাবেন।

* সর্বোচ্চ সুযোগ: একটি অ্যাকাউন্ট থেকে সারাজীবনে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তন করা যাবে।

* ইউনিক আইডি: নতুন ইউজারনেমটি অবশ্যই ইউনিক হতে হবে, যা আগে কেউ ব্যবহার করেনি।

* ফিরে আসা: কেউ চাইলে যেকোনো সময় তার পুরনো বা মূল ইমেইল ঠিকানায় ফিরে যেতে পারবেন।

ইউজারনেম পরিবর্তনের সহজ ধাপ

আপনার অ্যাকাউন্টে ফিচারটি চালু হয়ে থাকলে নিচের পদ্ধতিতে নাম বদলে নিতে পারেন…

* গুগল অ্যাকাউন্টের Settings-এ প্রবেশ করুন।

* Personal Info ট্যাবে ক্লিক করুন।

* নিচে স্ক্রল করে Contact Info থেকে Email অপশনে যান।

* ফিচারটি আপনার জন্য উন্মুক্ত হলে সেখানে ‘Change Google Account Email’ অপশন দেখতে পাবেন।

* এবার আপনার পছন্দমতো নতুন একটি ইউজারনেম লিখে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে Save করুন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। সুন্দর পিচাই নিশ্চিত করেছেন যে, খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এই সুবিধা পাবে।

সারাবাংলা/এনএল/এএসজি