Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ পবিত্র শবে বরাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

ঢাকা: আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত পবিত্র শবে বরাত। এ রাত সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য সৌভাগ্যের রাত, পুণ্যময় রাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। বিশ্বের সব মুসলিম পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় এ রাতে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। মুসলিমরা এই দিনটি রোজা রাখেন এবং রাতটি নামাজের মধ্যে কাটান।

হাদিসে শবে বরাত

এই রাতের ফজিলত সম্পর্কে মহানবীর একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রহমত এই রাতে সৃষ্টির ওপর বর্ষিত হয়।

বিজ্ঞাপন

আলী বিন আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,‘রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যখন শাবানের মধ্যভাগের রাত আসে, তখন তোমরা নামাজ পড় এবং সেই দিন রোজা রাখো। কারণ আল্লাহ সেই রাতে সূর্যাস্তের সময় সর্বনিম্ন আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, যাতে আমি তাকে ক্ষমা করি? কেউ কি আমার কাছে রিযিক প্রার্থনা করবে, যাতে আমি তাকে রিযিক দিতে পারি? কেউ কি বিপদে পীড়িত, যাতে আমি তাকে মুক্তি দিতে পারি? এবং এভাবেই চলতে থাকে, যতক্ষণ না ভোর হয়।’ – (সুনান ইবনে মাজাহ, খণ্ড ১, বই ৫, হাদিস ১৩৮৮)।

আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত অন্য এক হাদিসে আছে, নবীজি (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।’- (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৯০)

শবে বরাতে করণীয়

এই রাতের আমলগুলোর মধ্যে রয়েছে:

  • নফল নামাজ পড়া ও কোরআন তেলাওয়াত করা। রাতভর আল্লাহর জিকির ও দীর্ঘ সেজদার মাধ্যমে আত্মিক শান্তি খোঁজা।
  • অভাবী ও দুস্থদের মাঝে দান-সদকা করা।
  • মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে যাওয়া, তাদের কবর জিয়ারত করা। এর মধ্যে দিয়ে আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করা।

শবে বরাতে বর্জনীয়

  • শবে বরাতের পবিত্রতাকে ক্ষুণ্ন করে এমন অনেক প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, যা ইসলামের মূল চেতনার পরিপন্থি, এসব কাজ বর্জন করতে হবে।
  • শবে বরাতে আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত আচরণ। এটি ইবাদতকারীদের ইবাদতে বিঘ্ন ঘটায়, তাই এ কাজ করা যাবে না।
  • উৎসবের আমেজ দিতে গিয়ে মসজিদ বা ঘরবাড়িতে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। কারণ এগুলো অপব্যয়, আর ইসলাম অপব্যয় পছন্দ করে না।
  • ইবাদত বাদ দিয়ে দলবেঁধে রাস্তায় অহেতুক ঘুরাঘুরি বা উচ্চস্বরে শব্দ করা যাবে না।
  • শবে বরাত মানেই হালুয়া-রুটির উৎসব নয়। এই প্রথাটি ঐতিহ্যের অংশ হলেও একে ধর্মীয় আবশ্যকতা মনে করা ভুল। মনে রাখতে হবে, এই রাত মূলত স্রষ্টার কাছে ক্ষমা চাওয়ার রাত, খাওয়ার রাত নয়।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুুটি থাকবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার বাণীতে পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাজধানী ছাড়া দেশের প্রতিটি মসজিদেও ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। সংবাদপত্র প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

সারাবাংলা/এমএমএইচ/এএ
বিজ্ঞাপন

প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪

আজ পবিত্র শবে বরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

আরো

সম্পর্কিত খবর