Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি-বিএসআইএ’র চুক্তি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯

ঢাকা: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সঙ্গে একটি চুক্তি সই করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ এসআইসিআইপি’র কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন এসআইসিআইপি’র এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএ’র সভাপতি এম এ জব্বার।

এ চুক্তির মাধ্যমে বৃহৎ পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পভিত্তিক দক্ষ জনবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইইই, ইসিই, সিএসই, অ্যাপ্লাইড ফিজিক্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা থেকে স্নাতক সম্পন্ন ৩ হাজার ৫০০ জনকে ছয়টি বিশেষায়িত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইসিআইপি-এর মাহফুজুল আলম খান, অতিরিক্ত সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); মনজুর আলম প্রধান, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); আমিনা ফাহমিন, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); মঈনুল হাসান, ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট); মোহাম্মদ আফজাল হোসেন, এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)। বিএসআইএ-এর সিনিয়র সহ-সভাপতি এম ই চৌধুরী শামীম, পরিচালক মুনির আহমেদ এবং সচিব হাশিম আহম্মদ।

‎বিশেষায়িত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা কোর্সগুলো হলো- আইসি ডিজাইন ও লেআউট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড ফিজিক্যাল ডিজাইন প্রোগ্রাম: আরটিএল থেকে জিডিএসআইআই, এএসআইসি ডিজাইনারদের জন্য ডিএফটি এবং ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, অ্যাপ্লাইড সেমিকন্ডাক্টর সিস্টেম: পাওয়ার ডিভাইস এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন, স্মার্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং: এমবেডেড ডিজাইন এবং সেমিকন্ডাক্টর অ্যাপ্লিকেশন ইন্টারফেস, প্যাকেজিং এবং টেস্টিং।

বিজ্ঞাপন

প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস (২৪০ ঘণ্টা)। কর্মসূচিটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫.১৪ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

‎মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, কার্যকর ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা এবং কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে ৬৫ শতাংশ চাকরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই অংশীদারিত্ব, যথাযথ তদারকি ও শিল্পখাতের সংযোগের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করবে, যারা বাংলাদেশের বিকাশমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বৈশ্বিক বাজারের জন্যও প্রস্তুত থাকবে।

‎এম এ জব্বার বলেন, এ উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি উন্নত ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সেবাখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়তা করবে, শিল্প প্রস্তুতি জোরদার করবে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করবে।

‎উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে এবং এটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পরিচালিত।


‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর