Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার সেরা ৫ ভ্রমণ গন্তব্য

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:৫৩

সৌন্দর্য কখনো একরকম নয়। কখনো তা পাহাড়ের ঢালে ধরা দেয়, কখনো প্রাচীন স্থাপত্যের সূক্ষ্ম নকশায় আবার কখনো সমুদ্রসৈকতের গোধূলি আলোয়। বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের কাছে এশিয়া একটি বৈচিত্র্যময় অভিজ্ঞতার ভাণ্ডার। ভ্রমণ ম্যাগাজিন ‘টাইম আউট’ তাদের প্রকাশিত সেরা ৫১টি গন্তব্যের তালিকায় এশিয়ার কিছু স্থান বিশেষভাবে স্থান পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের তৈরি স্থাপত্যশৈলীর এক অনন্য মিশেলে এই গন্তব্যগুলো পর্যটকদের মনে অমলিন ছাপ ফেলে।

কোমোডো ন্যাশনাল পার্ক, ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার এই ন্যাশনাল পার্ক প্রকৃতির এক বিস্ময়। এখানে একসঙ্গে দেখা যায় সাদা, কালো ও গোলাপি বালির সৈকত। পাদার দ্বীপ থেকে উপসাগরের দৃশ্য অনেকটা প্রাগৈতিহাসিক যুগের মতো মনে হয়। স্বচ্ছ পানির নিচে রয়েছে রঙিন প্রবাল, মান্টা রে এবং ডলফিন। স্থলভাগে দেখা মেলে বিশ্ববিখ্যাত কোমোডো ড্রাগন।

বিজ্ঞাপন

থ্রি হোয়েল রক, থাইল্যান্ড

থাইল্যান্ডের ইসান অঞ্চলের এই বিশাল পাথর তিনটি তিমির মতো। ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরগুলো প্রকৃতির এক শিল্পকর্মের মতো। এর ওপরে দিয়ে হেঁটে গেলে দেখা যায় মেকং নদী, আশেপাশের বনাঞ্চল এবং দূরের পাহাড়ের মনোরম দৃশ্য। পুরো অভিজ্ঞতাটিই রোমাঞ্চকর।

পুনাখা উপত্যকা, ভুটান

ভুটানের এই উপত্যকা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বসন্তে পাহাড়ের শীর্ষ শীতের আবেশে ঢেকে থাকে, তবু নিচের ঢালু জমিতে দেখা যায় সবুজ ফসলের সমারোহ। কুয়াশাচ্ছন্ন সকালে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা দৃশ্য মনকে প্রশান্ত করে। এখানকার বিখ্যাত বৌদ্ধ মন্দির খামসুম ইউলি নামগিয়াল চোরতেন পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

হা জিয়াং প্রদেশ, ভিয়েতনাম

ভিয়েতনামের উত্তরের এই অঞ্চল যেন এক অন্য জগৎ। বাঁকানো পাহাড়ি রাস্তা, ধাপে ধাপে সাজানো ধানক্ষেত এবং গভীর উপত্যকা। সব মিলিয়ে এক অনন্য দৃশ্যপট সৃষ্টি করেছে। থাম মা পাস এবং মি পা লেং পাস থেকে নিচে বয়ে যাওয়া নদীর দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। প্রকৃতির সঙ্গে নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা অনুভব হয় এখানে।

এলা, শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা শান্ত এবং নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত। এখানে রয়েছে অসংখ্য হাইকিং ট্রেইল। শহরের অন্যতম আকর্ষণ নাইন আর্চেস ব্রিজ যেখানে ট্রেন চলাচল করে। এই সেতুর ওপর দিয়ে চলা ট্রেন যাত্রা বিশ্বের অন্যতম সুন্দর রেলভ্রমণ হিসেবে পরিচিত। চারপাশের চা-বাগান এবং সবুজ পাহাড় চোখ জুড়িয়ে দেয়।

অন্যান্য উল্লেখযোগ্য স্থান

এই তালিকায় আরও রয়েছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, চীনের ঝাংয়ে জাতীয় ভূ-উদ্যান, জাপানের কিনকাকু-জি মন্দির, ভারতের জয়পুর এবং ভিয়েতনামের হোই আন।

এশিয়ার এই গন্তব্যগুলো শুধু ভ্রমণের স্থান নয়। বরং প্রতিটি স্থানই একেকটি অভিজ্ঞতা। যেখানে প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতি মিলেমিশে সৃষ্টি করেছে সৌন্দর্যের এক অনন্য জগৎ।

সারাবাংলা/টিএম/এএসজি
বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর