Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লান্তির সংকেত: শরীর যখন বলছে এবার একটু থামা দরকার

ফারহানা নীলা সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৮:০০

যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, নিজের শরীরের ভাষা বোঝার সময়টুকুও আমাদের হাতে নেই। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনে চোখ রাখা। এই চক্রে আমরা বিশ্রামকে বিলাসিতা ভেবে ভুল করি। কিন্তু শরীর কোনো যন্ত্র নয়; এরও নির্দিষ্ট সহনক্ষমতা আছে। যখন সেই সীমা অতিক্রম করে যায়, তখন শরীর ও মন কিছু সূক্ষ্ম সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো উপেক্ষা করা মানেই বড় কোনো শারীরিক বা মানসিক বিপর্যয়ের দিকে পা বাড়ানো। তাই আপনার এখনই বিশ্রাম প্রয়োজন কি না, তা বোঝার জন্য নিজের দৈনন্দিন আচরণের দিকে একটু নজর দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

মেজাজের খিটখিটে ভাব

মানসিক ক্লান্তি যখন চরমে পৌঁছায়, তখন তার প্রথম প্রভাব পড়ে আমাদের আচরণে। যদি দেখেন খুব তুচ্ছ কারণে আপনি প্রিয় মানুষের ওপর রেগে যাচ্ছেন কিংবা সাধারণ কোনো কথাতেও বিরক্তবোধ করছেন, তবে বুঝবেন আপনার স্নায়ুগুলো প্রচণ্ড চাপে আছে। এটি স্রেফ মেজাজের সমস্যা নয়, বরং আপনার মস্তিষ্কের একটি আর্তি যে তার এখন বিরতি দরকার। স্নায়বিক অবসাদ মানুষের ধৈর্য কমিয়ে দেয় এবং সহনশীলতা নষ্ট করে ফেলে, যা বিশ্রামের অভাবেরই একটি বড় লক্ষণ।

শারীরিক অবসাদের ভাষা

পর্যাপ্ত ঘুমের পরেও যদি সকালে বিছানা ছাড়তে ইচ্ছে না করে কিংবা সারা দিন শরীরে এক ধরনের ভারী ভাব বা অলসতা কাজ করে, তবে সেটি মোটেও সাধারণ অলসতা নয়। শরীর যখন ভেতর থেকে ক্লান্ত থাকে, তখন সে বিশ্রামের আকুতি জানায়। অনেক সময় কোনো সুনির্দিষ্ট রোগ ছাড়াই হালকা মাথাব্যথা, ঘাড় বা পিঠের পেশিতে সারাক্ষণ টান লেগে থাকা কিংবা চোখের কোণে ক্লান্তি দানা বেঁধে থাকা। এগুলো সবই আপনার পেশি ও হাড়ের বিশ্রাম নেওয়ার জরুরি সংকেত হিসেবে কাজ করে।

মনোযোগ ও চিন্তার অস্পষ্টতা

কাজের টেবিলে বসেও যখন দেখবেন মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে কিংবা খুব সহজ একটি সিদ্ধান্ত নিতেও আপনি দীর্ঘ সময় নিচ্ছেন, তখন বুঝবেন আপনার মস্তিস্ক ‘অভারলোডেড’ হয়ে গেছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে যখন নতুন কোনো চিন্তা মাথায় আসে না বা সব কিছু তালগোল পাকিয়ে যায়, তখন জোর করে কাজ না বাড়িয়ে বিরতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অনেক সময় ‘ব্রেইন ফগ’ বলা হয়, যা কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্ন বিশ্রামের বিকল্প নেই।

খাদ্যাভ্যাসের আকস্মিক পরিবর্তন

শরীরের ক্লান্তির একটি মজার অথচ অদ্ভুত সংকেত হলো খাবারের রুচিতে পরিবর্তন আসা। যখন শরীর খুব বেশি পরিশ্রান্ত থাকে, তখন সে দ্রুত শক্তি পাওয়ার জন্য চিনি বা ক্যাফেইন জাতীয় খাবারের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। বারবার মিষ্টি খাবার বা অতিরিক্ত কফি খাওয়ার ইচ্ছা জাগা মানেই হলো আপনার শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদন করতে হিমশিম খাচ্ছে। এই কৃত্রিম শক্তির পেছনে না ছুটে শরীরকে পর্যাপ্ত সময় দিলে স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়া সম্ভব।

নতুন উদ্যমে ফেরার পথ

বিশ্রামের মানেই যে সারাদিন ঘুমিয়ে থাকা, তা কিন্তু নয়। যান্ত্রিক জীবন থেকে নিজেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন রাখাই হলো আসল বিশ্রাম। ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা, পছন্দের কোনো হালকা সুর শোনা কিংবা খোলা বাতাসে কিছুক্ষণ পায়চারি করা আপনার কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। মনে রাখবেন, একটি সচল ইঞ্জিন যেমন মাঝে মাঝে ঠান্ডা করতে হয়, তেমনি আপনার দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য সময়মতো বিরতি নেওয়া কোনো বিলাসিতা নয় বরং একটি প্রয়োজনীয় বিনিয়োগ। তাই শরীর যখন থামতে বলবে, তখন তাকে একটু সুযোগ দিন; দেখবেন আগামীর পথ চলা অনেক সহজ হয়ে গেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর