Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকান পানীয়তে টুইস্ট: ‘ডাব-আনারসের পিনা কোলাডা’

লাইফস্টাইল ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

যেকোনো উৎসবে বা যেকোনো ঘরোয়া আয়োজনে কবজি ডুবিয়ে মাংসের ভারী পদ খাওয়ার পর পেটে কিছুটা অস্বস্তি হওয়া অস্বাভাবিক নয়। এই অস্বস্তি দূর করে শরীরকে চনমনে করে তুলতে পারে মেক্সিকান পানীয় ‘পিনা কোলাডা’। তবে এই ক্ল্যাসিক পানীয়তে যদি আনা হয় ডাবের পানির টুইস্ট, তবে তা স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও অনন্য হয়ে ওঠে।

আনারসে থাকা এনজাইম হজমে সাহায্য করে এবং ডাবের পানি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। জেনে নিন সহজ এই পানীয় তৈরির রেসিপি:

কেন এটি বিশেষ?

সাধারণত পিনইয়া কোলাডাতে নারকেলের দুধ ব্যবহার করা হয়। তবে এখানে ব্যবহৃত ডাবের পানি ও নরম শাঁস পানীয়টিকে হালকা ও স্বাস্থ্যকর করে তোলে। ভারী খাবারের পর এটি ‘ডাইজেস্টিভ ড্রিংক’ হিসেবে দারুণ কার্যকর।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় উপকরণ

শাঁসযুক্ত কচি ডাব: ১টি
মিষ্টি আনারস: ১টি (স্লাইস করা)
ডাবের পানি: ১ থেকে দেড় কাপ
লেবুর রস: ১ টেবিল চামচ
চিনি বা মধু: স্বাদমতো (আনারস খুব মিষ্টি হলে না দিলেও চলবে)
বরফ কুচি: প্রয়োজনমতো
চেরি ফল: সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

ডাব প্রস্তুতকরণ: প্রথমে ডাব কেটে পানি আলাদা করে নিন। এরপর চামচ দিয়ে ডাবের নরম শাঁসটুকু সাবধানে কুড়িয়ে নিন।

আনারস স্লাইস: আনারসের খোসা ছাড়িয়ে মাঝখানের শক্ত অংশ বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিন।

ব্লেন্ড করা: একটি ব্লেন্ডার জারে একে একে ডাবের পানি, ডাবের নরম শাঁস, আনারসের টুকরো, লেবুর রস এবং স্বাদমতো চিনি বা মধু দিন।

মিশ্রণ তৈরি: সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন যতক্ষণ না একটি মসৃণ বা স্মুদি টেক্সচার তৈরি হয়।

পরিবেশন: এবার গ্লাসে ঢেলে ওপরে কয়েক টুকরো বরফ কুচি দিন। গ্লাসের কিনারে এক টুকরো আনারস বা গ্লেজড চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ‘ডাব-আনারস পিনইয়া কোলাডা’।

সারাবাংলা/এনএল/এএসজি