সিলেট: মৌলভীবাজারের বড়লেখায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আধুনিক কারুকাজে নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। মসজিদটি নির্মাণে অর্থায়ন করেছে সৌদি আরবের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল্লাহ আল কাশিম। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘উত্তর ডিমাই লামাবেকি বায়তুস সালাম জামে মসজিদ’।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার উত্তর ডিমাই ইউনিয়নের লামাবেকি গ্রামে মসজিদটি উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ নির্মাণের অর্থদাতা সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন, দৈনিক নয়া দিগন্ত’র সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল, সমাজসেবক ও সাবেক ব্যাংক কর্মকর্তা শহীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উদ্দিন, স্থানীয় সাবেক মেম্বার আফজাল হোসেন আউয়ালসহ অনেকে।
সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম বলেন, ‘আমি মসজিদ নির্মাণ করে দিয়েছি। মুসল্লীরা ভালো ইমামের অধীনে সালাত আদায় করলে আমার অর্থায়ন সার্থক হবে।’
প্রসঙ্গত, প্রবাসী শরীফ উদ্দিনের মাধ্যমে সৌদি নাগরিক আব্দুল্লাহ আল কাশিম এই এলাকায় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত হন। পরবর্তীতে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীনের তত্ত্বাবধানে এই মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়।
আব্দুর রহমান শাহীন জানান, প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রায় সাড়ে ৪ হাজার বর্গফুটের মূল মসজিদ এবং ২ হাজার বর্গফুটের অজুখানা, ওয়াশরুম ও ইমামের হুজরাখানা রয়েছে মসজিদে। প্রায় ৬০ শতক জমি জুড়ে পুরো মসজিদটি নির্মিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে মসজিদের নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালে তা সম্পন্ন হয়। কিন্তু আব্দুল্লাহ আল কাশিমের বাংলাদেশে আসার সময়-সুযোগ না হওয়ায় উদ্বোধনে দেরি হয়।