Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৬ আসন
৩ ভিভিআইপির দৌড়ঝাঁপে জমছে লড়াই, তুরুপের তাস ‘নারী ভোটার’

রাব্বী হাসান সবুজ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে রেকর্ডসংখ্যক ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশি হলেও ভোটের মাঠে সাধারণ ভোটারদের মধ্যে প্রত্যাশিত উদ্দীপনা এখনও দৃশ্যমান নয়। তবে বিশ্লেষকদের মতে, জেলার মোট ভোটারের অর্ধেকের বেশি নারী হওয়ায় ফল নির্ধারণে নারী ভোটাররাই হতে পারেন তুরুপের তাস।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন, নারী ভোটার ১৩ লাখ ৬০ হাজার ৩৩৩ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ৩১ জন। ২০২৪ সালের নির্বাচনের তুলনায় এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৩৯ জন, যাদের বড় একটি অংশ তরুণ।

বিজ্ঞাপন

তবে নির্বাচনের মাত্র ১১ দিন বাকি থাকলেও মাঠে ভোটারদের উত্তাপ তুলনামূলক কম। একই দিনে অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোট নিয়েও প্রচারণা চোখে পড়ছে না।

আসনভিত্তিক প্রার্থী ও লড়াইয়ের চিত্র

রংপুরের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৪ জন প্রার্থী। জাতীয় পার্টির রংপুর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়ায় ওই আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই।

  • রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিক ১–৯ ওয়ার্ড)
    ৬ প্রার্থীর মধ্যে বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী ও ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবুর মধ্যে ত্রিমুখী লড়াই।

  • রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ)
    ৫ প্রার্থীর মধ্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিসুল হক মণ্ডলের মধ্যে লড়াই চলছে।

  • রংপুর-৩ (সদর)
    ৬ প্রার্থীর মধ্যে বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতের মাহবুবুর রহমান বেলাল ও ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। পাশাপাশি তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রীটা রহমান ভোট ভাগ করতে পারেন।

  • রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)
    ৭ প্রার্থীর মধ্যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির মাহবুবুর রহমানের মধ্যে লড়াই।

  • রংপুর-৫ (মিঠাপুকুর)
    ৮ প্রার্থীর মধ্যে বিএনপির গোলাম রাব্বানী, জামায়াতের গোলাম রাব্বানী মধ্যে মূল প্রতিযোগিতা।

  • রংপুর-৬ (পীরগঞ্জ)
    ৭ প্রার্থীর মধ্যে বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের নুরুল আমিন, জাতীয় পার্টির নুর আলম যাদুর যাদুর মধ্যে ভোটযুদ্ধ।

ভিভিআইপি প্রার্থীদের দৌড়ঝাঁপ

তিনটি আসনে ভিভিআইপি প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন ‘প্রেস্টিজ ইস্যু’তে রূপ নিয়েছে। রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভিভিআইপি প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। আখতার হোসেন সম্প্রতি সংবাদ সম্মেলনে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন। জিএম কাদের রংপুর নগরীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে ভোট চাইছেন। এটিএম আজহারুল ইসলাম গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। তিনজনই জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুরে জনসভায় ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন যা বিএনপির ভোটব্যাংক বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রংপুরের নির্বাচনি ইতিহাস ও বিশ্লেষণ

রংপুর ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির দুর্গ হলেও ১৯৯১ সাল থেকে বিএনপি বা জামায়াত কোনো আসনে জয়ী হয়নি। ২০১৮ সালে বিএনপির প্রার্থীরা কয়েকটি আসনে ৫০ হাজারের মতো ভোট পেলেও জামানত রক্ষা করতে পারেনি। ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টি সব আসনে জয়ী হয়। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ চারটি আসনে জয়ী হলেও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির আধিপত্য অটুট। বিশ্লেষকরা মনে করেন, এবার বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত দুটি করে আসনে জয়ী হতে পারে, তবে তিন দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, রাজনৈতিক বাস্তবতা ভিন্ন—দুই দল ভালো ফল করতে পারে।

গণভোটের প্রচার কম, নারী ভোটারের ভূমিকা

নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদের গণভোট অনুষ্ঠিত হবে, যাতে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে ভোট হবে। বিএনপি ও জামায়াত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালালেও রংপুরে তা তুলনামূলকভাবে কম। সাধারণ মানুষের একটি বড় অংশ এখনও গণভোটের উদ্দেশ্য সম্পর্কে অবগত নয়।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, ‘গণভোটের পক্ষে প্রচার জোরদার করা দরকার।’  তিনি বলেন, ‘এই নির্বাচনে নারী ভোটাররাই হবেন তুরুপের তাস। যিনি নারী ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই জয়ী হবেন।’

তার মতে, নারী ভোটারের পাশাপাশি নতুন যুব ভোটারদের অংশগ্রহণই শেষ পর্যন্ত রংপুরের ৬টি আসনের ফল নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

ভোটের দিন সুইডেনের ভিসা সেবা বন্ধ
২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩

আজ বায়ু দূষণের দ্বিতীয় শীর্ষে ঢাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর