Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ইজিবাইক চুরির মামলায় ২ আসামির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকা থেকে ইজিবাইক চুরির মামলায় দোষী সাব্যস্ত করে আসামি হাকিম মাতাব্বর (৪০) এবং কামাল ফকিরকে (৪৬) কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী এ রায় দেন। রায়ে হাকিম মাতাব্বর কে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং কামাল ফকিরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফ।

রায় প্রচারের সময় আসামি হাকিম মাতাব্বরকে আদালতে হাজির করা হলে রায় প্রচারের পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। অন্য আসামি কামাল ফকির পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আসামি হাকিম মাতাব্বর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মৃত সুলতান মাতব্বরের ছেলে ও অন্য আসামি কামাল ফকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের কাঞ্চন ফকিরের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে শ্রীনগর উপজেলার ছোট নিমতলী এলাকার মোসলেম মাতবরের ছেলে মাহাবুব মাদবর ইজি বাইক ভাড়ায় চালানোর জন্য সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। একই তারিখ দুপুর আড়াইটার দিকে ইজিবাইক চালক মাহাবুব নিমতলী অটোষ্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকলে, আসামিরা হাসাড়া হতে টাইলস নিয়ে বড় নিমতলায় যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করে। গাড়িটি চালিয়ে যাওয়ার সময় হাকিম মাতাব্বর ও সহযোগী অজ্ঞাতনামা দুইজন যাত্রীর বেশে ইজিবাইকে ওঠেন। তারপর তারা ইজিবাইক চালক মাহাবুবকে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে মাহাবুবকে স্থানীয় লোকজন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় ইজি চালক মাহাবুবের বাবা মোসলেম মাতবর বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি হাকিম মাতাব্বরকে গ্রেফতার করে আদালতে পাঠালে হাকিম মাতাব্বর দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে অন্য আসামি কামাল ফকিরকে শনাক্ত করা হয়। আদালতে চলমান মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী আরিফ জানান, আদালতের রায় প্রচারের পর এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ইজিবাইক চালককে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে বাইক চুরির অপরাধে আদালত দুটি ধারায় দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

আজ বায়ু দূষণের দ্বিতীয় শীর্ষে ঢাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর