নওগাঁ: নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন তারা, এবং পরে একটি বিক্ষোভ মিছিল করেন।
এদিকে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন দফতরে দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ থাকার কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এ সময় আন্দোলকারীরা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি জানাচ্ছেন। কিন্তু এ সরকার পে-স্কেল দিতে নানা টালবাহানা শুরু করেছে। ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে সরকারি কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই এবার সরকারি কর্মচারীরা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বেতন বৈষম্য দূরীকরণ করেই ঘরে ফিরবে।
এ ছাড়াও দ্রুত দাবি না মানলে নির্বাচন বয়কটের ঘোষণার হুশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী হাফিজুর রহমান বলেন, ‘নো পে স্কেল নো ইলেকশন। আমরা কোনো নির্বাচনের দায়িত্ব পালন করব না। আমরা কোনো ভোট দেব না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
আন্দোলকারীদের সাত দফার মধ্যে আছে ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে অনুপস্থিত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণের দাবি।