Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থীদের নিয়ে সম্প্রীতির সমাবেশ আয়োজনের ‍উদ্যোগ শিশির মনিরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮

প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে শিশির মনিরের সমাবেশের আয়োজন।

সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সকল প্রার্থীকে নিয়ে ঐক্য ও সম্প্রীতির সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি।

জানা যায়, ‘দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এই ধারাবাহিক গণসমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর. সি. উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। একই কর্মসূচির অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আগামী ৫, ৮ ও ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে সবাই নিজেদের বক্তব্য তুলে ধরবেন। দিরাই-শাল্লায় একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক এই প্রত্যাশাই আমাদের।’

তিনি আরও বলেন, ‘প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ দিরাই-শাল্লায় সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।’

এ বিষয়ে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাসির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠজন রৌদ্র মিজান বলেন, ‘এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। শিশির মনির চাইলে দাওয়াত দিতেই পারেন; কিন্তু তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হতেন, তাহলে আমরা সেখানে যেতাম। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো ব্যক্তির দাওয়াতে আমরা অংশ নিতে পারি না।’

বিজ্ঞাপন

দেশজুড়ে সহিংসতার অভিযোগ এনসিপির
২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬

আরো

সম্পর্কিত খবর