Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়ায় শাহ্ মখদুম ফেরিতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করা শাহ্ মখদুম নামের একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সরের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সর পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে সরিয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তারা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, ফেরির একজস্ট পাইপে কার্বন বের হওয়ার সময় ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটির পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এইচআই