বগুড়া: বগুড়া শহরের খোকন পার্কে অবস্থিত ফুল মার্কেট সংস্কারের জন্য ভেঙে ফেলা হচ্ছে। এদিকে এই মার্কেটের দোকানগুলো ভেঙে ফেলায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে তারা খোলা আকাশের নীচে বসে ব্যাবসা পরিচালনা করছেন।
শনিবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ভাঙার কাজ চলমান রয়েছে। বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ মার্কেটটি আধুনিকায়নের জন্য পুরাতন দোকানগুলো ভেঙে ফেলছে।
জানা যায়, বগুড়া শহরের প্রধান ও পরিচিত ফুল মার্কেটটি যা স্থানীয়ভাবে ফুলপট্টি নামে পরিচিত। ২০০০ সালের দিকে বগুড়ায় ফুলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরপর থেকে সেখানে ব্যাবসার প্রসার ঘটে। তখন থেকেই এই মার্কেটটি পর্যায়ক্রমে আজকের অবস্থানে গড়ে উঠেছে। ফুলের চাহিদা মেটাতে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে এই মার্কেটেই আসেন ক্রেতারা। এমনকি আশপাশের জেলা থেকেও অনেকে এখানে ফুল কিনতে আসেন। ফলে মার্কেটের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে।
বগুড়া পৌরসভার অধীনে এই মার্কেটে ১৭টি দোকান রয়েছে। যার সবকটি ফুল ব্যবসায়ীরা ভাড়া নিয়ে ব্যাবসা করছেন। কিন্তু বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ মার্কেটি আধুনিকায়ন করার জন্য পুরাতন মার্কেটটি ভাঙার কার্যক্রম শুরু করে। এর আগে কর্তৃপক্ষ ফুল ব্যবসায়ীদের নোটিশ দিয়ে মার্কেটটি ভাঙার বিষয়ে জানায়। এদিকে ফুল ব্যবসায়ীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা মালামাল নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ব্যবসায়ীদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই যেন সংস্কার কাজ শেষ করে তাদের আগের জায়গায় পুনর্বাসন করা হয়। পাশাপাশি সংস্কারকালীন সময়ে ব্যাবসা সচল রাখতে অস্থায়ীভাবে ভাসমান দোকানের ব্যবস্থা করে দেওয়ার জন্য পৌরসভা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
ফুল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মন্টু মিয়া জানান, আমরা দীর্ঘদিন ধরে এখানে সুনামের সঙ্গে ব্যাবসা পরিচালনা করে আসছি। ফুলপট্টি বগুড়ার মানুষের কাছে একটি পরিচিত ও পুরোনো ব্যাবসায়িক কেন্দ্র। এই পুরোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আবেগ ও মায়া জড়িয়ে ছিল। সংস্কারের জন্য মার্কেটি ভেঙে ফেলা হচ্ছে। বর্তমানে আমরা খোলা আকাশের নীচে বসে ব্যাবসা করছি। যা আমাদের জন্য কষ্টকর।
বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পুরাতন মার্কেটটি ভেঙে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ে মধ্যে ভবন নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে।